আন্তর্জাতিক, ভারত
পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো দলীয় কার্যালয় খুলল থালাপতি বিজয়ের দল

ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো দলীয় কার্যালয় চালু করেছে তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় থালাপতির রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে)। রবিবার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলটির এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিকের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বায়ক চৈতালি রায়সহ বিভিন্ন জেলার নেতারা। ফাগুপুরে এই কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়েই পশ্চিমবঙ্গে তামিলনাড়ুর শাসকদলটির সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো বলে দাবি করেছেন স্থানীয় নেতারা।
দলের নেতারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এখনই সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে না গিয়ে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য। সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি রাজ্যবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে সংগঠন বিস্তার এবং নানা সামাজিক কর্মসূচি পালনের পরিকল্পনাও রয়েছে তাদের।
টিভিকের পশ্চিমবঙ্গের আহ্বায়ক চৈতালি রায় জানান, যেসব রাজ্যে নতুন করে দলের সংগঠন গড়ে তোলা হচ্ছে, সেখানে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য তামিলনাড়ু থেকে কেন্দ্রীয় নির্দেশনা এসেছে। সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারের প্রাথমিক ধাপে সামাজিক কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে সক্রিয় রাজনীতিতে পা রাখেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়। ‘মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ ও ‘লিও’র মতো জনপ্রিয় সিনেমার এই তারকা বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
সূত্র: আনন্দবাজার ডট কম
ডিবিসি/ এসভিএন