ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

গণহত্যার বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে খেলে ইসরায়েলকে হারাল আয়ারল্যান্ড

গণহত্যার বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে খেলে ইসরায়েলকে হারাল আয়ারল্যান্ড

খেলাধুলা, ফুটবল

গণহত্যার বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে খেলে ইসরায়েলকে হারাল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

উয়েফা নেশনস লিগে ইসরায়েলের মুখোমুখি হওয়া নিয়ে বিতর্কের মধ্যেই মাঠে নেমেছিল আয়ারল্যান্ড। হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত ম্যাচে ইসরায়েলকে ৩–০ গোলে হারিয়েছে আইরিশরা। প্রথম ২৫ মিনিটেই তিন গোল করে জয় নিশ্চিত করার পাশাপাশি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদও জানিয়েছেন আয়ারল্যান্ডের ফুটবলাররা।

গত ফেব্রুয়ারিতে নেশনস লিগের ড্রয়ে একই গ্রুপে পড়ে আয়ারল্যান্ড ও ইসরায়েল। এরপর থেকেই ম্যাচটি বয়কটের দাবি ওঠে আয়ারল্যান্ডে। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে সংবাদ সম্মেলন ও অনুশীলন বয়কট করেন আইরিশ খেলোয়াড়রা। একপর্যায়ে না খেলার সিদ্ধান্ত জানালেও শেষ পর্যন্ত নিজেদের মধ্যে ভোটাভুটির পর মাঠে নামতে রাজি হন তাঁরা।

 

তবে খেলার সিদ্ধান্ত নিলেও প্রতিবাদ থেকে সরে আসেননি ফুটবলাররা। গাজায় নিহত ব্যক্তিদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন তাঁরা। ইসরায়েলের জাতীয় সংগীত চলাকালে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। ম্যাচের আগে প্রথাগত ছবি তোলায়ও অংশ নেননি আইরিশ খেলোয়াড়রা। অধিনায়ক দারা ও’শিয়া প্রতিপক্ষ অধিনায়ক মনোর সোলোমনের সঙ্গে হাত মেলানো ও পতাকা বিনিময় থেকে বিরত থাকেন।

 

মাঠের খেলায় শুরু থেকেই আধিপত্য দেখায় আয়ারল্যান্ড। ট্রয় প্যারটের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডাম ইদাহ। এরপর জ্যাক ময়লানের গোলে প্রথম ২৫ মিনিটেই ৩–০ ব্যবধানে এগিয়ে যায় আইরিশরা। বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

 

তৃতীয় গোলের পর ময়লানের উদ্‌যাপনেও ফুটে ওঠে প্রতিবাদের বার্তা। নিজের আর্মব্যান্ড খুলে তাতে চুমু দেন তিনি, এরপর চুমু দেন জার্সির ব্যাজে। নগেরদেই স্টেডিয়ামে উপস্থিত প্রায় দেড়শ ইসরায়েলি সমর্থক এসব ঘটনার সাক্ষী হন।

 

এদিকে ম্যাচ থেকে আগেই সরে দাঁড়ান আয়ারল্যান্ডের গোলরক্ষক গাভিন বুজুনু। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই ম্যাচে অংশ নেওয়া ভুল হবে বলে মনে করেন তিনি। তাঁর অনুপস্থিতিতে ডিফেন্ডার জিমি ডুয়ানেকে দলের তৃতীয় গোলরক্ষক হিসেবে নিবন্ধন করা হয়।

সংবাদ সম্মেলনেও উঠে আসে গাজা প্রসঙ্গ। আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিম বলেন, ‘আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি।’ ফলে জয়-পরাজয়ের বাইরেও আইরিশ ফুটবলারদের প্রতিবাদ ঘিরে আলোচনায় থাকে ম্যাচটি।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন