আন্তর্জাতিক
পেজেশকিয়ানের বার্তার সঙ্গে ‘বাহুবলী’র যুদ্ধের দৃশ্য জুড়ে চমকে দিল ইরান

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ‘কখনো মাথা নত না করার’ বার্তাটি আরও জোরালোভাবে তুলে ধরতে দক্ষিণ ভারতের জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর যুদ্ধের দৃশ্য ব্যবহার করেছে ভারতের হায়দরাবাদে অবস্থিত ইরানি কনস্যুলেট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, শত্রুপক্ষের বিশাল কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে পিছু হটছেন না বাহুবলী চরিত্রের অভিনেতা প্রভাস। সিনেমার অন্যতম স্মরণীয় এই দৃশ্যটির সঙ্গে পেজেশকিয়ানের বক্তব্য জুড়ে দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা কখনো মাথা নত করব না বা হাঁটু গেড়ে বসব না।’
গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পরদিন বক্তব্য দেন পেজেশকিয়ান। সেখানে তিনি স্পষ্ট জানান, নিষেধাজ্ঞা, হুমকি বা চাপ দিয়ে ইরানকে নত করা যাবে না। একটি দেশের কূটনৈতিক দপ্তরের আন্তর্জাতিক রাজনৈতিক বার্তার সঙ্গে এস এস রাজামৌলি নির্মিত ভারতীয় সিনেমার এমন দৃশ্যের সংযোজন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে অনেকেই বাহুবলীর যুদ্ধের এই তুলনাকে বেশ কৌতূহল ও আগ্রহের সঙ্গে দেখছেন।