সারা বাংলা
সিরাজগঞ্জে থানায় জিডি করতে গিয়ে ৪ বোতল চোলাই মদসহ যুবক আটক

সিরাজগঞ্জের কাজিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে ব্যাগে চার বোতল চোলাই মদ রাখায় রুবেল রানা (৩০) নামের এক যুবক আটক হয়েছেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাজিপুর থানা চত্বরে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত রুবেল রানা উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা গ্রামের আবু বক্করের ছেলে।
পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি জিনিস হারানোর বিষয়ে জিডি করার জন্য কাজিপুর থানায় যান রুবেল রানা। সেখানে অবস্থানকালে তার কথাবার্তা ও অস্বাভাবিক আচরণে দায়িত্বরত ডিউটি অফিসারের সন্দেহ হয়। একপর্যায়ে পুলিশ তার সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করে ভেতরে লুকিয়ে রাখা চার বোতল দেশীয় চোলাই মদ উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
পরে আটক রুবেল রানাকে কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়ার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে মাদক বহনের অপরাধ স্বীকার করায় আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেন।
ডিবিসি/এমএনকে