জাতীয়
সৌদিতে দক্ষ জনশক্তি রপ্তানি ও অবকাঠামো নির্মাণের সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

ভ্রাতৃপ্রতিম সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি দেশটির স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগানোর জন্য বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি সৌদি আরবে ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০৩৪-কে কেন্দ্র করে সৃষ্ট বিশাল উন্নয়ন, ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড, অবকাঠামো নির্মাণ এবং প্রচুর দক্ষ জনশক্তির চাহিদার ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কার্যকর অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে। এ সময় রাষ্ট্রপতি এই বিপুল সম্ভাবনা ও সুযোগ কাজে লাগাতে প্রতিনিধিদলকে পরামর্শ দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চেম্বারের ব্যবসায়ী ও উদ্যোক্তারা কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তিকে সম্পৃক্ত করে সৌদি আরবের পাঁচটি বড় শহরে বাংলাদেশের পণ্য, সেবা ও সম্ভাবনাময় খাতগুলোর পরিচিতি তুলে ধরছেন। একই সঙ্গে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ প্রতিষ্ঠায়ও কাজ করছে সংগঠনটি।
এছাড়া সৌদি আরবের বিশিষ্ট বিনিয়োগকারী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সমন্বয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য আসন্ন আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায় প্রতিনিধিদলটি। রাষ্ট্রপতি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি শেখ নাসির উদ্দিন এবং পরিচালক প্রীতি চক্রবর্তী, মো. জান্নাতুল ফেরদৌস, এ বি এম সিদ্দীক, মো. সাজ্জাদ উন নেওয়াজ, জহিরুল মাহমুদ মামুন ও শামসুল আলম লিটন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।
ডিবিসি/আরএসএল