সারা বাংলা
মুন্সীগঞ্জে ধর্ষণ মামলায় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. সাঈদ আলী নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে আশুলিয়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সাঈদ আলী মোহাম্মদ আলীর ছেলে এবং তিনি সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় কর্মরত থাকাকালে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৮৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান সোহাগ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাঁকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আশুলিয়া থানার একটি মামলার ভিত্তিতে পুলিশ সাঈদ আলীকে গ্রেপ্তার করেছে। বিকেলে আশুলিয়া থানা-পুলিশ ও মামলার বাদী কার্যালয়ে এসেছিলেন। এর বাইরে বিস্তারিত কিছু আমার জানা নেই।’
ডিবিসি/এমএনকে