সারা বাংলা
মাদারীপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে ২ কন্যাশিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে ২ বছর ও আড়াই বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলা উত্তর বহেরাতলা ইউনিয়নের সেনেরবাট গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাতেমা নামে ২ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের মাহাবুব খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন বিকেলে দত্তপাড়া ইউনিয়ন উত্তরাইল গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যায় ওরিন নামে আড়াই বছর বয়সী আরেক কন্যাশিশু। সে ওই গ্রামের রোমান খানের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা তাকে বাড়ির উঠানে রেখে সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে চলে যায়। পরে পরিবারের লোকজন পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিবিসি/এসডব্লিউএন