সারা বাংলা
নারায়ণগঞ্জে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় জেলা এনসিপির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তৌহিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে তাঁর ওপর এ বর্বরোচিত হামলা চালানো হয়েছে।
ভুক্তভোগী তাওহীদুল ইসলাম জেলা এনসিপির পাশাপাশি বক্তাবলী ইউনিয়ন এনসিপির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ইটভাটার জন্য প্রভাবশালীদের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার জানান, বিকেলে বক্তাবলীতে দলের একটি ঘরোয়া বৈঠক ছিল। বক্তাবলী ঘাটে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাঁদের কাছে অভিযোগ করেন যে, প্রভাবশালীরা নির্বিচারে মাটি কেটে নিচ্ছে, অথচ তাঁরা কোনো জোরালো ভূমিকা নিচ্ছেন না। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ ফাঁড়িতে যান এবং অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
জুবায়ের সরদার আরও অভিযোগ করেন, পুলিশ ফাঁড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যায় তাওহীদুল ইসলামকে একা পেয়ে ১০ থেকে ১৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তৌহিদ অভিযোগ করেছেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বেই এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত তাওহীদুল ইসলাম বলেন, ‘হালিম আজাদের নেতৃত্বে তাঁর ভাই ইয়াসিন আরাফাত এবং সহযোগী নয়ন, ইমন, জুয়েল, আবুল খায়েরসহ কয়েকজন চাপাতি ও এসএস পাইপ দিয়ে আমাকে বেধড়ক মারধর করে। আমার সঙ্গে থাকা কয়েকজন ছোট ভাই আমাকে রক্ষা করতে এলে তাদেরও মারধর করা হয়।’
এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির বলেন, ‘এনসিপির এক নেতার ওপর হামলার খবর শুনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম আমাদের দলের হালিম আজাদ নাকি এতে নেতৃত্ব দিয়েছেন। পুরো বিষয়টি এখনও বিস্তারিত জানতে পারিনি, খোঁজখবর নিচ্ছি।’
অভিযোগ অস্বীকার করে হালিম আজাদ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমি সারাদিন বক্তাবলী থেকে অনেক দূরে ছিলাম। পরে শুনেছি এনসিপির তৌহিদের সঙ্গে স্থানীয়দের কী একটা ঝামেলা হয়েছে। অথচ এই ঘটনায় আমাকে অহেতুক জড়ানো হচ্ছে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শামীম হোসাইন বলেন, ‘হামলার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত তা শনাক্তে অনুসন্ধান চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ডিবিসি/এমএনকে