ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইবোলা নিয়ে রেডিওতে সচেতনতামূলক কথা বলায় দুর্বৃত্তদের হাতে প্রাণ গেল রাজনীতিবিদের

ইবোলা নিয়ে রেডিওতে সচেতনতামূলক কথা বলায় দুর্বৃত্তদের হাতে প্রাণ গেল রাজনীতিবিদের

আন্তর্জাতিক

ইবোলা নিয়ে রেডিওতে সচেতনতামূলক কথা বলায় দুর্বৃত্তদের হাতে প্রাণ গেল রাজনীতিবিদের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে (ডিআরসি) প্রাণঘাতী ইবোলা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক রেডিও অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ক্ষমতাসীন দলের এক জ্যেষ্ঠ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় বুতেম্বো শহরে এ নৃশংস ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল।

রয়টার্সের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। নিহত নেতার নাম ম্যারি-সেলেস্তিন কারোনদোয়া। তিনি কঙ্গোর ক্ষমতাসীন দল ‘ইউনিয়ন ফর ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল প্রগ্রেস’ (ইউডিপিএস)-এর বুতেম্বো ফেডারেল নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। বুতেম্বো অঞ্চলটি বর্তমানে দেশটিতে ছড়িয়ে পড়া ইবোলার নতুন হটস্পট হিসেবে পরিচিত।

 

ইউডিপিএস-এর স্থানীয় শাখা জানায়, কারোনদোয়া একটি স্থানীয় রেডিও অনুষ্ঠানে অংশ নিয়ে জনগণের উদ্দেশে ইবোলা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বেধড়ক মারধর করে মালামাল লুট করে এবং তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

হামলাকারীদের পরিচয় ও তাদের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে, কারোনদোয়াকে সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও প্রাণ দিতে হলো কেবল ইবোলা ভাইরাসের অস্তিত্ব স্বীকার করা এবং জনগোষ্ঠীর প্রতি এই মহামারির হুমকির বিষয়ে দলের অবস্থান তুলে ধরার কারণে।

কঙ্গোতে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা কেন্দ্রগুলোর ওপর একের পর এক হামলার ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। বিশেষজ্ঞদের মতে, ইবোলা নিয়ে সমাজে প্রচলিত নানা গুজব, ভুল তথ্য এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি সাধারণ মানুষের গভীর অবিশ্বাসের কারণেই এ ধরনের সহিংসতা ছড়িয়ে পড়ছে। এর আগের দিন শনিবার নিকটবর্তী বেনি অঞ্চলে একটি হাত ধোয়ার তল্লাশিচৌকিতে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে অন্তত একজনকে হত্যা ও বেশ কয়েকজনকে আহত করে।

 

১৯৭৬ সালে ডিআরসি-তে প্রথম শনাক্ত হওয়া ইবোলা একটি অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী ভাইরাস। এবারের প্রাদুর্ভাব ঘটেছে বিরল ‘বুন্দিবুগিও’ (Bundibugyo) প্রজাতির ভাইরাসের মাধ্যমে, যার স্বীকৃত কোনো কার্যকর চিকিৎসা বা প্রতিষেধক টিকা এখনও নেই। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ১৫ মে শুরু হওয়া বর্তমান ঢেউয়ে এখন পর্যন্ত ৮ হাজার ৬৭ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯০১ জন। দেশটির সাতটি প্রদেশে এর বিস্তার ছড়িয়ে পড়েছে।

 

আফ্রিকা সিডিসি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, এটি কঙ্গোর ইতিহাসের সবচেয়ে বড় ও প্রাণঘাতী প্রাদুর্ভাব, যা ক্রমেই ২০১৪-১৬ সালে পশ্চিম আফ্রিকার প্রলয়ংকরী মহামারিকেও ছাড়িয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। চলমান সশস্ত্র সংঘাত, বিদেশি ত্রাণ সহায়তার ঘাটতি এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ওপর ধারাবাহিক হামলার কারণে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে।

 

ছবি: টুকো

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন