আন্তর্জাতিক
নেপালে হিমলুং শৃঙ্গে তুষারধসে ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১২
নেপালের মানাং জেলায় অবস্থিত হিমলুং হিমালয়ে তুষারধসের ঘটনায় চার পর্বতারোহীর মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। এদিকে ৭ হাজার ১২৬ মিটার উঁচু এই পর্বতশৃঙ্গে এখনও নিখোঁজ থাকা অপর ১২ জনের সন্ধানে সোমবারও জোর তৎপরতা চালিয়েছেন উদ্ধারকারীরা।
নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশন (এনএনএমজিএ) নিশ্চিত করেছে, সোমবার বীরেন্দ্র গুরুং ও ঘনশ্যাম রায় নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার উদ্ধার ও শনাক্ত করা হয়েছিল ছেবি ভোটে এবং পাসং ভোটের মরদেহ।
এনএনএমজিএ-র সভাপতি তুল সিং গুরুং জানান, সংগঠনটির বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল তুষারধস-কবলিত এলাকায় অবিরাম অভিযান পরিচালনা করছে। আবহাওয়া ও পার্বত্য পরিস্থিতি অনুকূলে থাকলে অনুসন্ধান কাজ আরও কয়েক ঘণ্টা বাড়ানো হবে। তিনি বলেন, ‘এ পর্যন্ত চারটি মরদেহ উদ্ধার ও শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে এখনও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।’
জানা গেছে, রবিবার সকালে হিমলুং এলাকায় আকস্মিক তুষারধসের কবলে পড়ে বেশ কয়েকজন কর্মী ও স্থানীয় গাইড নিখোঁজ হন। নিখোঁজদের সন্ধানে ‘ইমাজিন নেপাল ট্রেক অ্যান্ড এক্সপেডিশন’-এর পরিচালক এবং আন্তর্জাতিক পর্বত গাইড মিংমা জি শেরপার নেতৃত্বে একটি বিশেষ উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। রবিবার কাঠমান্ডু থেকে রওনা হয়ে দলটি চামেতে রাত কাটায়। পরে সোমবার সকালে হেলিকপ্টারে করে তাঁদের চামে থেকে সরাসরি হিমলুং বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উদ্ধার অভিযান শুরু হয়।
এদিকে রবিবার উদ্ধার হওয়া মরদেহগুলো কৈলাশ হেলিকপ্টারের মাধ্যমে চামে হাসপাতাল থেকে কাঠমান্ডুতে নিয়ে আসা হয়েছে। পরে একটি শববাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিখোঁজদের জীবিত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট
ডিবিসি/এমএনকে