আন্তর্জাতিক
আজ জাতীয় কফি দিবস

সকালের ঘুমভাঙা আলসেমি দূর করতে এক কাপ ধোঁয়া ওঠা গরম কফি কিংবা বিকেলে বন্ধুদের জমজমাট আড্ডায় এক গ্লাস কোল্ড কফি দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই পানীয়টি। প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় জাতীয় কফি দিবস।
কফির প্রতি মানুষের ভালোবাসা উদযাপন এবং এর পেছনের সুদীর্ঘ ইতিহাস ও অর্থনীতিকে স্মরণ করতেই এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে।
কফির উৎপত্তির পেছনে জড়িয়ে রয়েছে নবম শতাব্দীর এক রোমাঞ্চকর লোকগাথা। প্রচলিত রয়েছে, ইথিওপিয়ার এক মেষপালক কালদি লক্ষ্য করেন, বিশেষ এক বুনো গাছের লালচে ফল খাওয়ার পর তার ছাগলগুলো অস্বাভাবিক রকম চঞ্চল হয়ে ওঠে। কৌতূহলবশত সেই ফলের বীজ নিয়ে শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা, যা পরবর্তীতে সেদ্ধ করে পানীয় হিসেবে গ্রহণের চল শুরু হয়। ইয়েমেন ও অটোমান সাম্রাজ্যের হাত ধরে ধীরে ধীরে এই কফি ছড়িয়ে পড়ে ইউরোপসহ গোটা বিশ্বে, যা আজ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি।
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও কফি সংস্কৃতি দ্রুত বিস্তার লাভ করেছে। কয়েক দশক আগেও যেখানে আড্ডা মানেই ছিল চা, সেখানে বর্তমানে শহরের অলিগলিতে গড়ে উঠেছে আধুনিক কফিশপ। তরুণ প্রজন্মের কর্মব্যস্ত দিন, ফ্রিল্যান্সারদের কাজ কিংবা শিক্ষার্থীদের পড়াশোনার নিরাপদ ঠিকানা হিসেবে ক্যাফেগুলো এখন দারুণ জনপ্রিয়। এসপ্রেসো, ক্যাপাচিনো, লাতে কিংবা মোকা নানা স্বাদের কফি এখন মানুষের রুচির অংশ। পাশাপাশি দেশের পার্বত্য চট্টগ্রামেও এখন বাণিজ্যিকভাবে কফি চাষ শুরু হয়েছে, যা দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পরিমিত কফি পানের বেশ কিছু উপকারিতা রয়েছে। কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্কের স্নায়ুকে সতেজ রেখে মনোযোগ ও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষ সুরক্ষা ও রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। তবে মাত্রাতিরিক্ত কফি পান অথবা অতিরিক্ত চিনি ও দুধ ব্যবহার করলে অনিদ্রা ও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, তাই প্রতিদিনের কফি পানে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা।
জাতীয় কফি দিবসে বিভিন্ন ক্যাফে ও কফিশপ বিশেষ ছাড় ও নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করে। তবে কেবল স্বাদের উদযাপন নয়, এই দিবসের একটি বড় উদ্দেশ্য হলো কফি চাষিদের কঠোর শ্রমের স্বীকৃতি দেওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে কফি চাষের যে ঝুঁকি তৈরি হচ্ছে তা নিয়ে সচেতনতা বাড়ানো। এক কাপ নিখুঁত কফির পেছনের দীর্ঘ পথচলা এবং কৃষকের অবদানকে সম্মান জানিয়েই উদযাপিত হয় দিনটি।
সূত্র: ইউএসএ টুডে
ডিবিসি/এমএনকে