ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩

আন্তর্জাতিক, এশিয়া

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর এক ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছেন। সোমবার রাজ্যের উত্তরাঞ্চলীয় কিয়াউকতাও শহরের একটি বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে। জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং স্থানীয় এক ত্রাণকর্মী হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অং জানিয়েছেন, নদী তীরবর্তী কিয়াউকতাও জনপদটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে অবস্থিত এবং চলমান সংঘাতের সঙ্গে এই এলাকার কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও জনবহুল এলাকার কাছে চালানো এই হামলাকে সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যে ঘটা সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলাগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন তিনি ও আরাকান আর্মি। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর রাজ্যটির পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে সেনাবাহিনীর একই ধরনের বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন।

 

বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে সোমবারের এই বিমান হামলা ও হতাহতের তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। হামলার বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। তবে মিয়ানমারের সামরিক সরকার বরাবরই দাবি করে আসছে যে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে তাদের বাহিনী সবসময় ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শন করে।

 

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে তীব্র রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধ চলছে। রাখাইন রাজ্যে আরাকান আর্মিসহ দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বর্তমানে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন