ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা প্রতিমন্ত্রীর

শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা প্রতিমন্ত্রীর

রাজনীতি

শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা প্রতিমন্ত্রীর

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাঈদের বাড়িতে গিয়ে তিনি তাঁর কবর জিয়ারত করেন।

এ সময় আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ, তাঁর বাবা-মায়ের বসতঘর নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য সরকারের পক্ষ থেকে ‘শহিদ আবু সাঈদ ফাউন্ডেশন’কে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি রংপুর জেলা স্টেডিয়ামের নাম শহীদ আবু সাঈদের নামে নামকরণের কথাও জানান প্রতিমন্ত্রী।

 

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সমসাময়িক রাজনীতি ও অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলেন মীর শাহে আলম। বিরোধী ১১ দলের কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্যই তারা অহেতুক আন্দোলন ও লংমার্চ করছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দাম বাড়ানো হয়েছে। অতীতে ভারতে তেল পাচারের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে দাবি করে তিনি আশ্বাস দেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও তা কমানো হবে। এছাড়া দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি অভিযোগ করেন, যেসব এলাকায় জামায়াতের সংসদ সদস্য রয়েছেন, সেখানে তাদের কর্মীরাই কৃত্রিম সংকট তৈরি করছেন।

 

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে দেশের সবার কাছে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এছাড়া তারেক রহমানের পরিকল্পনায় রাষ্ট্রীয়ভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীরা ইসলামের নামে রাজনীতি করলেও তাদের এজেন্ডায় আলেমদের জন্য এমন কোনো উদ্যোগ নেই। সরকারের এক বছরও পূর্ণ হয়নি উল্লেখ করে তিনি বিরোধীদের অহেতুক সমালোচনা থেকে বিরত থেকে পাঁচ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান।

 

এদিন পীরগঞ্জের বড়দরগাহ বাজার থেকে ভেন্ডাবাড়ি জিসি সড়কের উন্নয়নকাজও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসব কর্মসূচিতে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন-নবী ডন এবং রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন