সারা বাংলা
কুড়িগ্রামে কফি শপের আড়ালে মাদক জুয়ার আসর ভাঙল পুলিশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্গম চরের কাশবনের আড়ালে গড়ে ওঠা কথিত কফি শপ ও বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ মঙ্গলবার) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সামাদের ঘাটসংলগ্ন ইসলামপুর চরে এ অভিযান চালানো হয়।
ওই কেন্দ্রটির আড়ালে মূলত মাদক সেবন, জুয়া, অশ্লীল নৃত্য ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো বলে অভিযোগ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিস্তীর্ণ কাশবনের মধ্যে কয়েকজন যুবক কফি শপের নামে এই বিনোদনকেন্দ্রটি গড়ে তুলেছিলেন। দুর্গম এলাকা হওয়ায় সেখানে সহজে পুলিশের নজরদারি পৌঁছাত না। এই সুযোগ কাজে লাগিয়ে সন্ধ্যার পর দূরদূরান্ত থেকে লোকজন সেখানে আসতেন এবং কাশবনের আড়ালে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসত। এমনকি কিছু কিশোর-কিশোরীও সেখানে যাতায়াত শুরু করায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশের সঙ্গে প্রায় অর্ধশত গ্রাম পুলিশ সদস্য অংশ নেন।
পুলিশের দলটি দুর্গম চর পেরিয়ে কাশবনের ভেতরের ওই কথিত কফি শপে অভিযান চালায় এবং সেখানকার সব অবৈধ স্থাপনা ও আয়োজন গুঁড়িয়ে দেয়।
অভিযানের বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, ভারতীয় সীমান্তসংলগ্ন ওই দুর্গম কাশবনে কফি খাওয়ার আড়ালে মূলত মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলছিল। বিনোদনের নামে কেউ যদি কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন তিনি।
ডিবিসি/এমএনকে