আন্তর্জাতিক
প্রায় ৩৪ লাখ ডলার বকেয়া থাকায় ইরানি উড়োজাহাজ জব্দ করল তুরস্ক

৩ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ লাখ ডলার) বকেয়া পাওনা পরিশোধ না করায় ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের কাস্পিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করেছে তুরস্ক। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উভয় দেশের সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবার কাস্পিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে যাত্রী তোলার পর সেটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আদালতের এক আদেশের ভিত্তিতে সেটিকে আটকে দেন তুর্কি কর্মকর্তারা। ফলে বাধ্য হয়ে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।
এ ঘটনায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে কাস্পিয়ান এয়ারলাইনস জানিয়েছে, তুরস্কে একটি 'প্রশাসনিক সমস্যার' কারণে ইস্তাম্বুল থেকে তেহরানগামী ফ্লাইটটি সাময়িক বাধার মুখে পড়েছে। ইস্তাম্বুল বিমানবন্দরের সার্ভিস চার্জ বাবদ তিন মিলিয়ন ইউরো বকেয়া থাকার বিষয়টি স্বীকার করে সংস্থাটি জানিয়েছে, সমস্যা সমাধানে ইতোমধ্যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মঙ্গলবারই উড়োজাহাজটি ইরানে ফিরে আসবে। তবে এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে চলতি মাসের শুরুতে দেশটির এয়ারলাইনসগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে কাস্পিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজ আটকের সঙ্গে এই মার্কিন নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই বলে খবরে বলা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল, যারা ইরানের এয়ারলাইনসগুলোর সঙ্গে ব্যবসা করবে, তাদের বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হবে। তবে তুরস্ক এখনো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা কার্যকর করেনি।
ইরান এয়ারসহ কয়েকটি বিমান পরিবহন সংস্থা এখনো দুই দেশের মধ্যে তাদের নিয়মিত ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে। তবে গত সপ্তাহে আঙ্কারার অনুরোধে তুরস্কে নিজেদের সব ধরনের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দেয় ইরানের অন্যতম বৃহৎ কার্গো পরিবহন সংস্থা মাহান এয়ার।
সূত্র: রয়া নিউজ
ডিবিসি/ এসভিএন