আন্তর্জাতিক, ভারত
কাশ্মীরে নিজেরা নিজেরাই ঝগড়া করে ভারতীয় আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত

ভারতের জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় এক সহকর্মীর গুলিতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কাঠুয়া জেলার মাশকা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাঠুয়ার জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) মোহিতা শর্মা জানান, মাশকা গ্রামের সেবা-৩ বিদ্যুৎ প্রকল্পে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিআইএসএফের ওই সদস্যরা। সেখানে নিজেদের মধ্যে বাগবিতণ্ডার জেরে অভিযুক্ত সিআইএসএফ সদস্য অভিদেশ সিং তার একে-৪৭ রাইফেল থেকে সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান।
এই ঘটনায় গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে হিমাচল প্রদেশের এনএইচপিসি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন- অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পান্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং এবং দুই কনস্টেবল রফিক আহমেদ ও সন্দীপ কুমার।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ। অভিযুক্ত জওয়ান অভিদেশ সিংকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কী কারণে তাদের মধ্যে এই দ্বন্দ্ব ও গোলাগুলির ঘটনা ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডিবিসি/ এসভিএন