আন্তর্জাতিক
রাশিয়ায় পরমাণু অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬

রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে প্রশিক্ষণ চলাকালে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ভারী বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন ক্রু নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মাথায় টিইউ-৯৫এমএস মডেলের কৌশলগত এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানে থাকা সাতজন ক্রু সদস্যের মধ্যে একজন বেঁচে যান এবং তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়। নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবে উড্ডয়ন করা এই বোমারু বিমানে কোনো ধরনের গোলাবারুদ ছিল না। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে তীব্র আগুন জ্বলছে এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে বিকট শব্দ শোনা যাচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডিবিসি/আরএসএল