সারা বাংলা
যশোরে বাসে তল্লাশি চালিয়ে ১২৭০ পিস ইয়াবাসহ ‘মনজুরা বুড়ি’ ও তার সহযোগী গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কথিত মাদক ব্যবসায়ী মনজুরা ওরফে ‘মনজুরা বুড়ি’ (৬০) এবং তার সহযোগী শিউলি বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান চালানো হয়। সে সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনজুরা বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়ার আবু বক্কারের স্ত্রী এবং শিউলি একই এলাকার রিজাউল করিমের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, অভিযানে তাদের হেফাজত থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।