ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে মহাসড়কে বন্দুকের মুখে লুটের শিকার করাচি ফুটবল দল

পাকিস্তানের বেলুচিস্তানে মহাসড়কে বন্দুকের মুখে লুটের শিকার করাচি ফুটবল দল

আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানে মহাসড়কে বন্দুকের মুখে লুটের শিকার করাচি ফুটবল দল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মুখ্যমন্ত্রীর গোল্ড কাপ টুর্নামেন্টে অংশ নিতে কোয়েটা যাওয়ার পথে বেলুচিস্তানের মহাসড়কে সশস্ত্র ডাকাতদলের কবলে পড়েছে করাচি পশ্চিমের একটি ফুটবল দল। সোমবার সন্ধ্যায় মাস্তুং ও সারিয়াবের মধ্যবর্তী এলাকায় বাস থামিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের জিম্মি করে এই ডাকাতির ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী, প্রায় ১২ জনের একটি সশস্ত্র দল বাসটির গতি রোধ করে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেয়। এরপর তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেওয়া হয়।

 

দলের ম্যানেজার জুলফিকার আলী ভূট্টো জানান, অস্ত্রধারীরা যাত্রীদের বাস থেকে নেমে লাইনে দাঁড়াতে বাধ্য করে এবং বেশ কয়েকজন যাত্রীকে অস্ত্রের বাট দিয়ে আঘাত করে।

 

লুটপাটের ফলে খেলোয়াড়রা সম্পূর্ণ অর্থহীন ও অসহায় হয়ে পড়লে কোয়েটায় পৌঁছে বিষয়টি বেলুচিস্তানের ক্রীড়ামন্ত্রীর গোচরে আনা হয়। পরবর্তীতে মন্ত্রীর হস্তক্ষেপে ওই দলের খেলোয়াড়দের জন্য দৈনন্দিন ভাতার ব্যবস্থা করা হয়।

 

এদিকে, নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও সড়কপথে এই ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ায় প্রশ্ন উঠেছে। সিন্ধু ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব মুহাম্মদ আজম জানান, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে তারা নিজস্ব দল পাঠাননি এবং করাচির অন্যান্য ক্লাবগুলোকেও বাস বা ট্রেনে কোয়েটা ভ্রমণ করতে নিষেধ করেছিলেন। কিন্তু করাচি পশ্চিমের দলটি সেই সতর্কবার্তা উপেক্ষা করে যাত্রা করায় শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত এই ঘটনার শিকার হয়।

 

তিনি আরও জানান, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া ফুটবল অ্যাসোসিয়েশনও একই কারণে টুর্নামেন্টে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। বেলুচিস্তানের বিভিন্ন অংশে নিরাপত্তা শঙ্কার মধ্যেই এই ঘটনা ঘটল। এর আগে ডেরা বুগটি থেকে দুজন স্থানীয় ক্রিকেটারকে অপহরণের ঘটনাও ঘটেছিল। মূলত মাস্তুং থেকে কোয়েটাগামী মহাসড়কটির এই অংশটি বরাবরই অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত, যেখানে যাত্রীরা প্রায়শই সশস্ত্র গোষ্ঠীর হুমকির মুখে পড়েন।

আরও পড়ুন