সারা বাংলা
যশোরে প্রতিবেশীর শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের

যশোরের মনিরামপুরে বাঁশঝাড়ে শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে মশিয়ার মোড়ল (৬৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার আম্রুঝুটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মশিয়ার মোড়ল নিজের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। সেখানে তার এক প্রতিবেশী আগে থেকেই শিয়াল মারার জন্য বিদ্যুতের তারের ফাঁদ পেতে রেখেছিলেন। বিষয়টি খেয়াল না করায় অসাবধানতাবশত তারে স্পর্শ লেগে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দিলীপ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।