সারা বাংলা
মেঘনায় জেলের জালে ২৮ কেজির পাঙ্গাশ, বিক্রি ৩৪ হাজার ৫০ টাকায়

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙ্গাশ মাছ। পরে মাছটি উন্মুক্ত নিলামে ৩৪ হাজার ৫০ টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের মাতাব্বরহাট মাছঘাটের খলিল মিয়ার মৎস্য আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. কাউসার ৩৪ হাজার ৫০ টাকায় পাঙ্গাশটি কিনে নেন।
স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, মেঘনা নদীতে ওমর ফারুক মাঝির জালে অন্যান্য মাছের সঙ্গে বিশাল আকৃতির এই পাঙ্গাশটি ধরা পড়ে। পরে মাছটি মাতাব্বরহাট মাছঘাটে এনে নিলামে তোলা হয়। মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে।
মাছটির ক্রেতা মো. কাউসার জানান, বাজারে নদীর পাঙ্গাশের চাহিদা রয়েছে। মাছটি বড় হওয়ায় ভালো দামে বিক্রির আশায় তিনি এটি কিনেছেন এবং চাঁদপুরে বিক্রির জন্য পাঠাবেন। তিনি আশা করছেন প্রতি কেজি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে মাছটি বিক্রি করতে পারলে তাঁর প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা লাভ হতে পারে।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, মেঘনা নদীতে মাঝেমধ্যে বড় আকারের পাঙ্গাশ ধরা পড়লেও ২৮ কেজি ওজনের এমন মাছ দেখতে ঘাটে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।