আবহাওয়া
পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, কমছে তাপমাত্রা

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে এরই মধ্যে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। মধ্যরাতের পর থেকেই বাড়ছে ঠান্ডার অনুভূতি। ভোরে দেখা মিলছে কুয়াশা আর ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু। উত্তরের হিমেল বাতাসও জানান দিচ্ছে, দুয়ারে কড়া নাড়ছে শীত।
গত দুই দিন ধরে পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে। এ কারণে সকালে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। তবে কুয়াশা খুব বেশি ঘন না হওয়ায় যান চলাচলে তেমন কোনো সমস্যা হচ্ছে না।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় তা কমে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
সকালে মোটরসাইকেলে চলাচলকারী সাইদুল ইসলাম বলেন, ‘সকালে রাস্তায় বের হলে বেশ ঠান্ডা লাগে। কুয়াশা এখনো খুব ঘন না হলেও কয়েক দিন ধরে ভোরে শীতের অনুভূতি বাড়ছে।’
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমবে এবং শীতের তীব্রতা বাড়তে থাকবে।
ডিবিসি/এমএনকে