সারা বাংলা
যশোরে শার্শা সীমান্তে সাড়ে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম রিপন হোসেন (৪১)। তিনি শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন হিসেবে রিপনকে আটক করা হয়।
পরে তার শরীর তল্লাশি করে ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৩ হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
বিজিবি কর্মকর্তা আরও জানান, স্বর্ণের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা এসব মালামালের মোট মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।
উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো যশোরের ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া আটক আসামিসহ অন্যান্য মালামাল শার্শা থানায় হস্তান্তরের আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ডিবিসি/এমএনকে