সারা বাংলা
সরাইল সীমান্তে ৯৩১ কোটি টাকার অবৈধ মালামাল ও অস্ত্র জব্দ

চলতি বছরের প্রথম ৯ মাসে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল এই ৪টি সেক্টর নিয়ে গঠিত বিজিবির সরাইল রিজিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ২৩টি আগ্নেয়াস্ত্র, ১৯ কেজি বিস্ফোরক, মাদক এবং বালু-পাথর। জব্দ করা এসব অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩১ কোটি ২৭ লাখ টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উত্তর-পূর্ব সরাইল রিজিয়নের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরাইল রিজিয়নের আওতাধীন প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে ৪টি সেক্টরের অধীনে ১৩টি ব্যাটালিয়ন ও ২১১টি বিওপি (বর্ডার আউটপোস্ট) রয়েছে। এসব এলাকায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত টানা অভিযান চালানো হয়। অভিযানে ১১টি পিস্তল, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান এবং ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া ১৯ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করেছে বিজিবি।
চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। দুর্গত এলাকার মানুষদের খাদ্য, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এমনকি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুর্গম এলাকাগুলোতেও জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে বাহিনীটি।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে বিজিবির এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/এমএনকে