সারা বাংলা
মাঝআকাশে দুই পাইলটের মারামারিতে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের বিমান সৌদিতে জরুরি অবতরণ

মাঝআকাশে দুই পাইলটের মধ্যে ‘সহিংস’ হাতাহাতির জেরে দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর একটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে জরুরি অবতরণ করানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা পর্যালোচনা করে সিএনএন জানায়, স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ২০ মিনিটে উড়োজাহাজটি মাত্র দুই মিনিটের মধ্যে প্রায় ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে আসে। এ সময় বিমানটির উচ্চতা ৩৪ হাজার ফুট থেকে নেমে প্রায় ১৬ হাজার ৬০০ ফুটে পৌঁছায়। এরপর ১টা ৩২ মিনিটে উড়োজাহাজটি থেকে জরুরি সংকেত পাঠানো হয়।
এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, এটি কোনো বিমান ছিনতাইয়ের ঘটনা নয়; বরং উড়োজাহাজের অভ্যন্তরীণ কর্মীদের মধ্যকার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
জরুরি সংকেত পাওয়ার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এক জরুরি নিরাপত্তা বৈঠকে বসেন। একই সঙ্গে ইসরায়েলি যুদ্ধবিমানও সতর্কতামূলকভাবে আকাশে ওড়ানো হয় বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র জানিয়েছেন।
ফ্লাইটটি সৌদি আরবে অবতরণ করার কথা রয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য ফ্লাইদুবাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।