সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জে চোরাচালান থেকে ফেরাতে বেকার তরুণদের পাশে ৫৯ বিজিবি

চোরাচালান ও অপরাধপ্রবণতা কমিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 'সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার' চালু করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৯ ব্যাটালিয়নের উদ্যোগে এটি স্থাপন করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলার ভোলাহাট উপজেলার আলালপুর দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসায় এই সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিকভাবে ২৫ জন বেকার তরুণকে মাসব্যাপী 'বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং' প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
বিজিবি জানায়, এই উদ্যোগের ফলে সীমান্ত এলাকার বেকার তরুণরা কর্মমুখী ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে ভারত থেকে মাদক ও অবৈধ পণ্য চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের জড়িয়ে পড়ার প্রবণতা অনেকাংশে কমে আসবে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী স্কিল সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এমএনকে