ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

২০২৭ সালের জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

২০২৭ সালের জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

সারা বাংলা

২০২৭ সালের জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

২২ ঘন্টা আগে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার বা বিএনপি কোনো কলঙ্ক নেবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

সার সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীতে দেশে সারের কোনো প্রকৃত সংকট ছিল না, বরং কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। এর সঙ্গে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও ফ্যাসিস্ট সরকারের কিছু ডিলার জড়িত ছিল। মূলত জনগণের কাছে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্যই এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল।

 

তিনি আরও বলেন, কুড়িগ্রামসহ যেসব এলাকায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ছিলেন, সেখানেই সারের সংকট দেখা গেছে। অথচ বিএনপির সংসদ সদস্যদের এলাকায় এমন কোনো সংকট হয়নি। সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এখন থেকে প্রতি ইউনিয়নে আরও একজন করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। ভবিষ্যতে সারের আর কোনো সংকট হবে না বলে তিনি কৃষকদের আশ্বস্ত করেন।

 

বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে মীর শাহে আলম বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা বলেছিলেন যে বিদ্যুৎ ও গ্যাসের এই সমস্যা বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রেই পেয়েছে। বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার কিছুটা সমাধান হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।

 

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দল যেকোনো বিষয়েই সরকারের ওপর দায় চাপাবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সরকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

 

মতবিনিময়কালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন