সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৩ ডেঙ্গু রোগী, নারী ও শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারী এবং ডেঙ্গুর উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে আরও ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)।
হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মৃত নারী ফেরদৌসী খাতুন ডেঙ্গু পজিটিভ ছিলেন। অন্যদিকে, মৃত শিশুটির ডেঙ্গু পরীক্ষার মাধ্যমে পজিটিভ শনাক্ত না হলেও চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে ডেঙ্গুর স্পষ্ট লক্ষণ ছিল।
এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, নিহত নারী ফেরদৌসী মঙ্গলবার বেলা ১১টায় হাসপাতালে ভর্তি হন। তার ডেঙ্গু পজিটিভ ছিল। অন্যদিকে, শিশু মহব্বত মঙ্গলবার রাত ১১টায় হাসপাতালে ভর্তি হয়েছিল। তার তীব্র জ্বর, শরীর ব্যথাসহ ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ ছিল। তবে তার ডেঙ্গু পরীক্ষা করে পজিটিভ না আসায় ডেঙ্গুর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ৪৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার খবরে জেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
ডিবিসি/এমএনকে