আন্তর্জাতিক
সরকারি চাকরিজীবীদের জন্য পাত্র-পাত্রী খোঁজার অ্যাপ চালু করল সিঙ্গাপুর

রেকর্ড পরিমাণ জন্মহার হ্রাসের প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি নতুন ম্যাচমেকিং বা পাত্র-পাত্রী খোঁজার সেবা চালু করেছে সিঙ্গাপুর সরকার। ‘ফার্স্টডেট’ নামের এই উদ্যোগটি চলতি সপ্তাহে ২১ থেকে ৩৫ বছর বয়সী সরকারি কর্মীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি প্রচলিত ডেটিং অ্যাপের মতো সোয়াইপ পদ্ধতির বাইরে গিয়ে নোবেলজায়ী একটি গাণিতিক অ্যালগরিদমের মাধ্যমে প্রতিবার একজন সঙ্গীর সঙ্গে মিল করিয়ে দেয়।
অংশগ্রহণকারীরা দেশটির জাতীয় ডিজিটাল পরিচয়পত্র ব্যবস্থা ব্যবহার করে লগইন করেন এবং নিজস্ব পছন্দ, অভ্যাস ও মূল্যবোধ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন। তবে উদ্যোগটি সিঙ্গাপুরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সরকারি কর্মকর্তা হওয়ায় প্রতারণার ঝুঁকি কম ভেবে কেউ কেউ একে স্বাগত জানালেও, অনেকেই এটিকে বৈষম্যমূলক এবং ৩৫ বছরের বেশি বয়সীদের বাদ দেওয়ার কারণে সমালোচনামূলক হিসেবে দেখছেন। পাইলট পর্যায়ে থাকা এই প্রকল্প ভবিষ্যতে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
দেশটিতে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার কারণেই মূলত এই পদক্ষেপ। ২০২৫ সালে দেশটিতে গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো জন্ম নেওয়া শিশুর সংখ্যা ৩০ হাজারের নিচে নেমে আসে। জনসংখ্যা বৃদ্ধি ও পরিবার গঠনে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী লরেন্স ওং নানা আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন। এর আগেও সিঙ্গাপুর সরকার উচ্চশিক্ষিতদের বিয়ের লক্ষ্যে বিশেষ ইউনিট গঠন করেছিল। উল্লেখ্য, জন্মহার বাড়াতে সরকারিভাবে ম্যাচমেকিং বা ডেটিং সেবা চালুর উদ্যোগ কেবল সিঙ্গাপুরেই নয়, এর আগে ২০২৪ সালে জাপানের টোকিওতেও অনুরূপ একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটিং অ্যাপ চালু করা হয়েছিল।
ডিবিসি/আরএসএল