ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ

নেত্রকোনায় যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোনায় যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

বাংলাদেশ

নেত্রকোনায় যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ এবং এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুরে আসামিরা নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে আসামিরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।

 

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ২০ মে উপজেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী পশুর হাটের নিলাম চলাকালে আগিয়া বাজারের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় বিএনপির নেতাকর্মীরা আগিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাহফুজুর রহমানসহ কয়েকজনকে মারধর করেন।

 

পরবর্তীতে ওই বিরোধের জেরে সেদিন বিকেলেই আগিয়া বাজারে যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার ওমর শরীফের ওপর হামলা ও তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শাহরিয়ার ওমর শরীফ বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেছিলেন। পূর্বধলা থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন ও আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ আসামিদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন