সারা বাংলা
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে স্কুলশিক্ষক আটক

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে কটু ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলার বিষয়ের শিক্ষা প্রদান করেন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে দশম শ্রেণিতে বাংলা ক্লাস নেওয়ার সময় শিক্ষক গোলাম কিবরিয়া সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ও তার বাংলা উচ্চারণ নিয়ে আলোচনা তোলেন। শিক্ষার্থীদের অভিযোগ, আলোচনা চলাকালে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন। এতে শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরবর্তীতে বিষয়টি বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার জের ধরে বুধবার সকালে বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে অভিযান চালিয়ে শিক্ষক গোলাম কিবরিয়াকে আটক করে।
এ বিষয়ে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, ঘটনাটি মঙ্গলবার রাতে জানতে পারি। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কটূক্তির বিষয়টি অস্বীকার করলেও প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের প্রবাস জীবনের কারণে ভাষার উচ্চারণে অস্পষ্টতা নিয়ে কথা বলার বিষয়টি স্বীকার করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটু মন্তব্য করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে শিক্ষক লালনকে আটক করা হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন