ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চট্টগ্রামে দুই কিশোর গ্যাংয়ের বিরোধে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে দুই কিশোর গ্যাংয়ের বিরোধে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

সারা বাংলা

চট্টগ্রামে দুই কিশোর গ্যাংয়ের বিরোধে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

চট্টগ্রাম নগরের খুলশীর ওয়্যারলেস কলোনিতে ‘ফাইভ স্টার’ ও ‘সেভেন স্টার’ নামের দুই কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে মো. হৃদয় নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, হৃদয়কে বাসা থেকে ডেকে নিয়ে যান ২৫ বছর বয়সী মোহাম্মদ কামরুল। পরে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

 

গুরুতর আহত অবস্থায় হৃদয়কে তার চাচা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় তার বাবার সঙ্গে ভ্যানে করে সবজি বিক্রি করত।

 

এই ঘটনায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক। অন্য পাঁচজনের বয়স ১৪ থেকে ১৫ বছর।

 

পুলিশের দাবি, গ্রেপ্তার এক কিশোরকে সপ্তাহখানেক আগে টিকটকে কিরিচ হাতে ভিডিও করতে দেখা যায়। ওই কিরিচ দিয়েই হৃদয়ের কানে কোপ দেওয়া হয় বলে জানায় পুলিশ। এতে তার কান কেটে যায়। পরে আরও কয়েকজন কিশোর তাকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা কিরিচটিও উদ্ধার করা হয়েছে।

 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাতেই অভিযান শুরু করে। প্রথমে কামরুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

 

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সপ্তাহখানেক আগে ‘ফাইভ স্টার’ গ্রুপের সদস্য হৃদয়ের সঙ্গে ‘সেভেন স্টার’ গ্রুপের সদস্যদের সিনিয়র-জুনিয়র নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের ‘বড় ভাই’ বিষয়টি মীমাংসা করে দেন। এরপর হৃদয় বিষয়টি নিয়ে ব্যঙ্গ করায় ক্ষিপ্ত হয়ে তাকে বাসা থেকে ডেকে নেওয়া হয়। পরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

 

হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্ত শেষে হৃদয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন