আন্তর্জাতিক
এআই চুক্তিতে নিজ দেশের নামের বানান ভুল, ট্রলের শিকার ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ টানতে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে একটি বিশেষ চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে সেই ঐতিহাসিক ও গুরুগম্ভীর চুক্তি ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নথিতে থাকা একটি বড় ধরনের বানান ভুল। স্বয়ং নিজ দেশের নামের বানানে ভুল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ব্যঙ্গ ও উপহাসের মুখে পড়েছেন ৮০ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের নিয়ে এই ‘নৈতিকভাবে বাধ্যতামূলক’ চুক্তিটি স্বাক্ষরিত হয়। ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে এআই প্রযুক্তির নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রেখেছেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানান, এই চুক্তিটি মূলত একটি সংবিধানের মতো, যেখানে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্যক্তিত্বদের সঙ্গে তিনি প্রেসিডেন্ট হিসেবে স্বাক্ষর করেছেন এবং এটি ভবিষ্যতের সুরক্ষায় কাজ করবে।
তবে অনুষ্ঠান শেষে নথির ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় শোরগোল। ট্রাম্পের কালির কলমে দেওয়া স্বাক্ষরের ঠিক নিচে তার পদের জায়গায় লেখা ছিল ‘প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটস স্টেটস’ (President of the Unites States)। ‘United’-এর জায়গায় ‘d’ বাদ পড়ে ‘Unites’ হয়ে যাওয়া এই ভুল মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
বিরোধী শিবিরের রাজনীতিবিদ থেকে শুরু করে বিশ্লেষকরাও এই ভুলের তীব্র সমালোচনা করেন। অনেকেই কটাক্ষ করে লিখেছেন, যেখানে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা চরম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি হচ্ছে, সেখানে নিজ দেশের নামই ঠিকঠাক লিখতে না পারা এক অদ্ভুত কাণ্ড। কেউ কেউ ব্যঙ্গ করে বলেন, এমন বুদ্ধিমত্তার চুক্তি থাকলে তাদের আর এর দরকার নেই।
বিতর্কের মুখে পড়া এই চুক্তিতে গুগলের সুন্দর পিচাই, মেটার মার্ক জাকারবার্গ, এক্সের ইলন মাস্কসহ ওপেনএআই, অ্যানথ্রপিক ও এনভিডিয়ার মতো শীর্ষ সাতটি প্রতিষ্ঠানের প্রধানরা স্বাক্ষর করেছেন। চুক্তির রূপরেখা অনুযায়ী, এআই প্রযুক্তির অপব্যবহার রোধ ও ঝুঁকি মোকাবিলায় কোম্পানিগুলো চারটি স্তরে অভ্যন্তরীণ কড়া নজরদারি ও অডিট ব্যবস্থা বজায় রাখবে।
এআই প্রযুক্তির লাগামহীন বিকাশ নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এবং এটি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে বলে অনেকের আশঙ্কা থাকলেও ট্রাম্প সেটিকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভয়ের মুখে পড়ে এআইয়ের বিকাশ আটকে রাখা যাবে না। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেরাই নিজেদের তদারকি করতে পারবে কি না-এমন প্রশ্নে তিনি জানান, কোম্পানিগুলো কখনো ভুল কিছু চাইবে না, কারণ কোনো বড় বিপদ ঘটলে তাদের অস্তিত্বই ঝুঁকিতে পড়বে।
সূত্র: ইয়াহু নিউজ
ডিবিসি/ এসভিএন