ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের নামে রাখা রেস্তোরাঁয় একদল চীনা নাগরিকের হামলা

দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের নামে রাখা রেস্তোরাঁয় একদল চীনা নাগরিকের হামলা

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের নামে রাখা রেস্তোরাঁয় একদল চীনা নাগরিকের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামে রাখা দক্ষিণ কোরিয়ার একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল চীনা নাগরিক। রাজধানী সিউলের দক্ষিণাঞ্চলীয় শহর সিয়ংনামে অবস্থিত রেস্তোরাঁটিতে হামলার পরই অভিযুক্তরা চীনে পালিয়ে যায় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২৪ সেপ্টেম্বর ভোরের দিকে মুখে মুখোশ পরা চার ব্যক্তি জোরপূর্বক রেস্তোরাঁটিতে ঢুকে পড়ে। তারা ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে এবং দেয়ালে ও টেবিলে বার্নিশ স্প্রে করে ক্ষতিসাধন করে। এ হামলায় প্রায় দেড় কোটি ওন (১১ হাজার ১০০ মার্কিন ডলার)-এর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রেস্তোরাঁটির মালিক। হামলার পর টানা পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রেস্তোরাঁটি আবার চালু করা হয়েছে।


রেস্তোরাঁর মালিক জানান, কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তিনি এই নাম রাখেননি। দক্ষিণ কোরিয়ার সেরা চীনা রেস্তোরাঁ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আট বছর আগে চীনের প্রেসিডেন্টের নামে এর নামকরণ করেছিলেন। দীর্ঘ আট বছর নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করলেও গত এক বছর ধরে নাম বদলানোর জন্য তার ওপর চাপ আসছিল। বিশেষ করে গত বছর আগস্টে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে শি জিনপিংয়ের দক্ষিণ কোরিয়া সফরের খবর প্রকাশের পর থেকেই একের পর এক হুমকি ও ফোন আসতে শুরু করে। এমনকি চীনে ব্যবসা করা কয়েকজন ব্যক্তি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রেস্তোরাঁর নাম পরিবর্তনের প্রস্তাবও দিয়েছিলেন। এ ছাড়া চলতি বছরের এপ্রিলে রেস্তোরাঁর একটি খাবারের পদ ‘শি জিনপিং স্পেশাল রাইস’ নিয়ে দেশটির মেধাসম্পদ মন্ত্রণালয়ে অভিযোগও করা হয়েছিল, যদিও তদন্ত শেষে কোনো অনিয়ম না পেয়ে তা খারিজ করে দেয় কর্তৃপক্ষ।


তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, হামলাকারী চারজনই ২০ থেকে ৪০ বছর বয়সী চীনা নাগরিক। হামলার পরপরই তারা সীমান্ত পেরিয়ে চীনের সাংহাই ও শানডং প্রদেশের ইয়ানতাই শহরে পালিয়ে যায়। অভিযুক্তদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।


ধারাবাহিক হুমকি আর বড় ধরনের এই ধ্বংসযজ্ঞের মুখে পড়ে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে যাচ্ছেন রেস্তোরাঁটির মালিক। তিনি জানান, ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রেস্তোরাঁর জন্য একটি নতুন নাম বেছে নেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন তারা।


সূত্র: বিবিসি


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন