বাংলাদেশ, সারা বাংলা
পাবনায় বসতবাড়িতে ঢুকে শেয়ালের আক্রমণ, নারী-শিশুসহ আহত ১১

পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লা ও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আতঙ্কিত এলাকাবাসী লাঠিসোটা নিয়ে শেয়ালটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন।
আহত ব্যক্তিদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, বিকেলে শালঘর মহল্লার মো. রফিকের বাড়ির পাশে পুকুরপাড়ে বেঁধে রাখা একটি ছাগলের ওপর প্রথমে শেয়ালটি হামলা চালায়। এরপর শেয়ালটি লোকালয়ের বিভিন্ন বাড়িতে ঢুকে একে একে কয়েকজনকে কামড় দেয়। এতে শালঘর এলাকার বাদশার মেয়ে জুবাইদা (৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়ায়েজ করুনি (৭), শাহিদা (৫০) ও সোনিয়া (১৪) আহত হন।
পরে শেয়ালটি গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা এলাকায় গিয়ে সাব্বিরের মেয়ে সিনহা (৩), লাকি (৩০), বায়েজিদ (৬), রেহেনা (৪২) ও সামসুর (২২)–কে কামড় দেয়।
শেয়ালের আক্রমণের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা লাঠিসোটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। বিকেল ৫টার দিকে শতাধিক মানুষ শেয়ালটির সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে সাড়ে ৫টার দিকে পাশের একটি ঝোপ থেকে শেয়ালটিকে ধরে পিটিয়ে হত্যা করা হয়।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান বলেন, শেয়ালের কামড়ে আহত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ডিবিসি/ এসভিএন