বাংলাদেশ, সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন-শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার এলাকার আইসুদ্দিন ও তার ছেলে শরিফুল ইসলাম (৪৪) এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হামিদ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নাচোলের সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি শেষে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত দুজনকে মৃত ঘোষণা করেন। অপরজন ঘটনাস্থলেই মারা যান। আহত ৮ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিবিসি/ এসভিএন