বাংলাদেশ, সারা বাংলা
ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও শ্রমিক লীগ নেতাসহ আটক ৩

নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুহিন রেজাসহ তিন নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার একটি ফিলিং স্টেশন (তেল পাম্প) থেকে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার খয়েরতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে তুহিন রেজা (৩৩), জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলার তৈলটুপি গ্রামের মতিন বিশ্বাস ওরফে পাতা মিয়ার ছেলে মো. ইমদাদুল হক সোহাগ (৪২) এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খড়াশুনি গ্রামের নায়েব আলীর ছেলে সাদ্দাম হোসেন নসিব (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছেন-এমন সংবাদের ভিত্তিতে বিষয়খালী বাজার এলাকার একটি তেল পাম্পে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। সেখান থেকে বৈঠকরত অবস্থায় ছাত্রলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের ওই তিন নেতাকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/ এসভিএন