বাংলাদেশ, সারা বাংলা
কুমিল্লার লালমাইয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

কুমিল্লার লালমাইয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এ ঘটনা ঘটে বলে দলীয় সূত্রে জানা গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাগমারা দক্ষিণ বাজারে পৌঁছালে মিছিল থেকে কয়েকজন যুবদল ও ছাত্রদল নেতাকর্মী উপজেলা বিএনপি কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান। এতে কার্যালয়ের চেয়ার, টেবিল, ব্যানার-পোস্টারসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজে হামলায় যুবদলের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। তিনি জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিএনপি কার্যালয়ের তালা ভেঙে কয়েকজন ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে লালমাই বাজার এলাকার একটি খাবার হোটেলে মাওলানা জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ডিবিসি/ এসভিএন