ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ঝালকাঠিতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ: দুদিন পর মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ: দুদিন পর মরদেহ উদ্ধার

বাংলাদেশ, সারা বাংলা

ঝালকাঠিতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ: দুদিন পর মরদেহ উদ্ধার

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আবদুল মন্নান হাওলাদারের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের দুদিন পর গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন স্বজনেরা। আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল নয়টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। নিহত আবদুল মন্নান কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।


স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে তলিয়ে যান। পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাকে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন এবং দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি চালান। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান মেলেনি।


আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার বলেন, ‘হঠাৎ করেই তিনি নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা সঙ্গে সঙ্গে চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পাননি।’


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


কাঁঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, নদীতে তীব্র স্রোত ছিল। খবর পেয়ে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরি দল প্রাথমিক উদ্ধার অভিযান চালায়। তবে রাত হয়ে যাওয়ায় এবং প্রতিকূল পরিস্থিতির কারণে প্রথম দিনের মতো অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।


এদিকে নিখোঁজের দুদিন পর গতকাল মধ্যরাতে পরিবারের লোকজন নিজস্ব ট্রলার নিয়ে বিষখালী নদীতে আবার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত দেড়টার দিকে নিখোঁজের দুর্ঘটনাস্থলেই তার লাশ ভেসে ওঠে। পরে স্বজনেরা নদী থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।


কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আজ বৃহস্পতিবার সকাল নয়টায় স্থানীয় জমাদ্দার বাড়ি নূরানী ও হাফিজি মাদ্রাসা কমপ্লেক্স মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন