আন্তর্জাতিক
২০২৭ সালের জুনের মধ্যে সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পরিকল্পনা ইরাকের

দেশের সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করতে একটি খসড়া পরিকল্পনা চূড়ান্ত করেছে ইরাক সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই খসড়াটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে, যেখানে নিরস্ত্রীকরণের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকবে। দেশটির প্রধানমন্ত্রী এ প্রক্রিয়া সম্পন্ন করার চূড়ান্ত সময় নির্ধারণ করেছেন আগামী বছরের জুন মাস পর্যন্ত।
মূলত ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের জোরালো চাপের কারণে ইরাক সরকার এ পদক্ষেপ নিচ্ছে। এছাড়া অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার প্রয়োজনীয়তাও এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করছে।