জাতীয়
ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিজয়ের মাস ডিসেম্বরে দেশে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনসার-ভিডিপির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে তেজগাঁওয়ে প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ পাওয়া গেছে। বিশাল এই বাহিনীর স্থান ও আবাসন সংকট নিরসনে এখানে ডরমেটরি ও ব্যারাকসহ একটি সুপরিকল্পিত সদর দপ্তর নির্মাণ করা হবে। সরকার এই বাহিনীর সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক দমনে পুলিশ, বিজিবি ও আনসারসহ সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান আরও জোরদার করা হবে। এছাড়া দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে শুধু প্রত্যাহার বা বিভাগীয় ব্যবস্থাই নয়, অপরাধের মাত্রা অনুযায়ী কঠোর আইনি ও ফৌজদারি ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে হুঁশিয়ারি দেন তিনি।
ডিবিসি/পিআরএএন