বাংলাদেশ, সারা বাংলা
মানিকগঞ্জে দাদির অসুস্থতার খবরে বাড়ি এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরীর

মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসা সট্টি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে। সে কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তার বাবা সেখানে একটি হোটেলে চাকরি করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আনিসার দাদি অসুস্থ থাকায় দুই দিন আগে পরিবারের সঙ্গে সে কক্সবাজার থেকে গ্রামের বাড়িতে আসে। বৃহস্পতিবার সকালে হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজের কুমপাড় এলাকায় যায় আনিসা। কিছুক্ষণ পর সঙ্গে থাকা এক শিশুর দেওয়া খবরের ভিত্তিতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা প্রীতম দে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই কিশোরীটির মৃত্যু হয়েছিল।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম. তৌফিক আজম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।