ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ, জাতীয়

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

দিনব্যাপী সফরে ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী আজ দুপুর সোয়া একটার দিকে ফেনী পৌঁছান এবং তাঁর গাড়িবহর পরশুরামের উদ্দেশে রওনা হয়। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি সড়কপথে ঢাকার গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন। নির্ধারিত কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

উল্লেখ্য, ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি। ফুলগাজীসহ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসন থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

 

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০৩০ সালের মধ্যে শেষ হতে যাওয়া এই প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। পরবর্তী পর্যায়ে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে।

 

এরপর প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শনের পাশাপাশি সেখানে ছাদভিত্তিক (রুফটপ) সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

 

বিকেলে প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। এছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন তিনি। এ কর্মসূচির আওতায় ফুলগাজীতে ৫১০টি পরিবারকে ফ্যামিলি কার্ড, পুরো জেলায় ৭ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড এবং ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী দেওয়া হবে।

আরও পড়ুন