ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

ফেনীতে ১৫৪২ কোটি টাকার সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন

ফেনীতে ১৫৪২ কোটি টাকার সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন

জাতীয়

ফেনীতে ১৫৪২ কোটি টাকার সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন

বাসস

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১লা অক্টোবর ২০২৬ ০৩:২২:৫১ অপরাহ্ন

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সেখানে বৃক্ষরোপণ করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জয়নাল আবেদীন ও রেহানা আক্তার রানু উপস্থিত ছিলেন। এর আগে সকাল পৌনে নয়টায় ঢাকার গুলশান থেকে রওনা হয়ে দুপুর সোয়া একটার দিকে প্রধানমন্ত্রী ফেনীতে পৌঁছান।

 

গত ১৬ জুন একনেক সভায় অনুমোদিত এ প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, সাড়ে ৮৩ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে এর কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং নদী খননের পরিকল্পনাও রয়েছে।

 

পরশুরামে উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ এবং জেলা পরিষদ ডাকবাংলোয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন। ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

 

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। সেখানে তিনি জেলার কৃষকদের মাঝে কৃষক কার্ড, ফুলগাজীতে ফ্যামিলি কার্ড এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা বিতরণ করবেন। নির্ধারিত কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন