আন্তর্জাতিক
ফের আল-আকসা প্রাঙ্গণে ঢুকে পড়ল ইসরায়েলি বসতিস্থাপনকারীরা

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও জোরপূর্বক অনুপ্রবেশ করেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। ইহুদিদের ধর্মীয় উৎসব ‘সুক্কত’-এর ষষ্ঠ দিনে বৃহস্পতিবার তারা এ চত্বরে ঢুকে পড়ে বলে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ওয়াফা জানায়, ইসরায়েলি পুলিশের সরাসরি পাহারায় বিপুল সংখ্যক বসতিস্থাপনকারী মসজিদের চত্বরে প্রবেশ করে এবং সেখানে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে।
এর আগে গত বুধবার কট্টরপন্থি সাবেক ইসরায়েলি এমপি মোশে ফেইগলিনসহ প্রায় ৭০০ জন এবং মঙ্গলবার প্রায় ১ হাজার বসতিস্থাপনকারী বিতর্কিতভাবে ওই প্রাঙ্গণে প্রবেশ করেছিল।
ঐতিহাসিক ও আন্তর্জাতিক নিয়ম (স্ট্যাটাস কো) অনুযায়ী, ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসায় অমুসলিম বা ইহুদিরা নির্দিষ্ট সময়ে শুধু পরিদর্শনের অনুমতি পেলেও সেখানে যেকোনো ধরনের ধর্মীয় প্রার্থনা বা আনুষ্ঠানিকতা পালন সম্পূর্ণ নিষিদ্ধ।
তবে ইসরায়েলি প্রশাসনের মদদে সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদ প্রাঙ্গণে দলবেঁধে প্রবেশ ও প্রার্থনা চালিয়ে আসছে ইসরায়েলিরা।
ডিবিসি/এসডব্লিউএন