জাতীয়
২০৩৪ সালের মধ্যে অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলার হবে: প্রধানমন্ত্রী

আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই রূপ দিতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অটোমেশন ও ইন্টারনেট অব থিংসের মতো আধুনিক প্রযুক্তি বৈশ্বিক শিল্পের ধারা দ্রুত বদলে দিচ্ছে।
এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে দেশের শিল্প খাতকে যুগোপযোগী করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ ও উচ্চদক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারের উন্নয়ননীতি ও নির্বাচনী ইশতেহারে এ বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ডিজিটাল অর্থনীতি ও দক্ষতাভিত্তিক শিক্ষায় বিনিয়োগ বাড়াতে সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। কেবল আধুনিক প্রযুক্তি গ্রহণই যথেষ্ট নয়; এর সঙ্গে টেকসই গবেষণা, উদ্ভাবন, কার্যকর ব্যবস্থাপনা এবং শ্রমিকের মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্টার্টআপগুলোর জন্য সহজ অর্থায়ন ও প্রযুক্তির বিস্তার ঘটিয়ে দেশকে একটি শক্তিশালী ও স্বনির্ভর শিল্প অর্থনীতিতে রূপান্তরের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
ডিবিসি/এমএনকে