ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

জাতীয়

সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে সরকার সর্বশক্তি দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়) উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত ১৭ বছরে ধ্বংস হওয়া বিচারব্যবস্থা ও আইনের শাসন পর্যায়ক্রমে পুনঃপ্রতিষ্ঠা করা হবে। কিছু গোষ্ঠী অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে জানিয়ে তিনি উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান।

 

স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে ১৫০-তে উন্নীত করা হবে। এসব হাসপাতালে অতিরিক্ত শয্যা ও নতুন বিভাগের পাশাপাশি ডায়ালাইসিস সেবা এবং মা ও শিশু চিকিৎসার বিশেষায়িত সুযোগ থাকবে। এর ফলে সাধারণ মানুষকে আর চিকিৎসার জন্য জেলা শহর বা ঢাকায় ছুটতে হবে না। এ সময় তিনি পরশুরামের ৫০ শয্যার হাসপাতালটিকে সরাসরি ১৫০ শয্যায় রূপান্তরের ঘোষণা দেন।

 

কৃষি ও জনকল্যাণমূলক উদ্যোগ প্রসঙ্গে তারেক রহমান জানান, কর্মজীবী নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দূর করে প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা দিতে কৃষক কার্ড চালু করা হচ্ছে। এছাড়া দায়িত্ব নেওয়ার প্রথম সাত দিনেই প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে ১৩ লাখ কৃষকের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

 

মুহুরী-কহুয়া প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যার বিষয়টি মাথায় রেখেই খাল ও নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৩৪ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পৌঁছাবে এবং ফসল উৎপাদন প্রায় ১ লাখ মেট্রিক টন বাড়বে, যা খাদ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। পরে প্রধানমন্ত্রী মাটি কেটে খাল পুনঃখনন, ড্রেজিং ও বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করেন এবং সেখানে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ও স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন