আন্তর্জাতিক
ইরানের সিস্তান-বেলুচিস্তানে আইআরজিসির অভিযানে নিহত ৬

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভিযানে একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর ছয় সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশটির রাজধানী জাহেদানে এ অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনী বেশ কিছু বিস্ফোরক উদ্ধার ও জব্দ করেছে।
তবে নিহত ছয়জনের পরিচয় কিংবা ঘটনার বিস্তারিত বিবরণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। দারিদ্র্যপীড়িত ও মাদক চোরাচালানের প্রধান রুট হিসেবে পরিচিত এ অঞ্চলে প্রায়ই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নি সশস্ত্র দল ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ ঘটে থাকে।
সিস্তান-বেলুচিস্তান পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা 'হালভশ' জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের তীব্র লড়াই শুরু হয়।
এর আগে বুধবার জাহেদানে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে শহরের প্রশাসনিক কার্যালয়ের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা ফার্স।
ডিবিসি/এসডব্লিউএন