সারা বাংলা
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে নিহত ১, আহত ১৫

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা ও মাদক কারবারকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে ধারালো অস্ত্রের কোপ ও গুলিতে নিহত ব্যক্তির নাম গোলাম মোস্তফা ওরফে টেংগর (৫৮)।
তিনি স্থানীয় পটল গ্রুপের প্রধান পটলের ভাই এবং চড়ইকুড়ি গ্রামের মৃত দৈয়ব মণ্ডলের ছেলে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি গ্রামে পটল গ্রুপ ও স্থানীয় আজা মেম্বর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা ও এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সুরাহা করা যায়নি।
এরই জেরে বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষ ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপ ও গুলিতে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হলে তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে পটল, শুভ, শাহ জামাল এবং আজা মেম্বর ও বুলবুল অন্যতম।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মাদক ও আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় থমথমে অবস্থা থাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/এমএনকে