আন্তর্জাতিক
ক্যালিফোর্নিয়ায় রোজা ও কোরবানির ঈদে সরকারি ছুটি ঘোষণা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির স্বীকৃতি দেয়া হয়েছে। গভর্নর গ্যাভিন নিউসাম এই সংক্রান্ত একটি নতুন বিলে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করেছেন। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যের আনুষ্ঠানিক ছুটির তালিকায় মুসলিম সম্প্রদায়ের এই দুই প্রধান উৎসব যুক্ত হলো।
‘অ্যাসেম্বলি বিল ২০১৭’ নামের এই আইনে স্বাক্ষর করেন গভর্নর। নতুন এ আইনের আওতায় ক্যালিফোর্নিয়ার সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলো স্থানীয় প্রচলিত নিয়ম মেনে ঈদের দিনগুলোতে ছুটি ঘোষণা করতে পারবে। এর পাশাপাশি অঙ্গরাজ্যের যোগ্য সরকারি কর্মচারীরাও এই দুই ধর্মীয় উৎসবের দিনে সরকারি ছুটির সুযোগ বা ‘হলিডে ক্রেডিট’ পাওয়ার সুবিধা পাবেন।
আইনের বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ক্যালিফোর্নিয়ার সরকারি ক্যালেন্ডারে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অঙ্গরাজ্য পর্যায়ের ছুটির স্বীকৃতি দেয়ার বিষয়টি কেবল একটি নাগরিক সিদ্ধান্ত নয় বরং এটি সেখানকার সমাজে মুসলিম সম্প্রদায়ের সাংস্কৃতিক অবদান ও তাৎপর্যকেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর এবং বার্ষিক হজের সময় বিশ্বজুড়ে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে, যা এখন থেকে ক্যালিফোর্নিয়ার প্রশাসনিক ক্যালেন্ডারেও অন্তর্ভুক্ত হলো।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/ এসভিএন